[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

জনগণের শক্তির চেয়ে বড় শক্তি নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ২:৪৪ পিএম

সংগৃহীত ছবি

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর দেশে সুশাসন ও আইনের শাসন কার্যকর ছিল না এবং অনেক ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কাজ পরিচালিত হয়েছে।

তবে বর্তমান উদ্যোগে ফ্যামিলি কার্ড পেতে কাউকে কোনো অর্থ দিতে হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঈদগাহ মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের মাত্র ২২ দিনের মধ্যেই নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে পরিবারের প্রধান নারী সদস্যরা সুবিধা পাবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ধীরে ধীরে দেশের সব পরিবার এই কর্মসূচির আওতায় আসবে।


তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং এতে সমাজের সব শ্রেণির নারী অন্তর্ভুক্ত হবেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, জেলা প্রশাসকের স্ত্রী থেকে শুরু করে সাধারণ পরিবার—সবাই এই কার্ডের আওতায় আসবেন।


স্থানীয় সরকারমন্ত্রী জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি সেচ সুবিধা বাড়াতে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

জেলার উন্নয়নের অংশ হিসেবে মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারেন।


পাইলট প্রকল্পের আওতায় রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ৫৮৮ জন নারী ফ্যামিলি কার্ড পাচ্ছেন।


জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জেলা বিএনপির সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক পয়গাম আলী উপস্থিত ছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর