দলের অনুমোদন ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির রমনা থানা শাখার সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
রোববার (৮ মার্চ) বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত বা অনুমতি ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করে আশরাফুল ইসলাম সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না—সেই বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকালে আশরাফুল ইসলাম ঢাকার একটি আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির নেতা মির্জা আব্বাসের কাছে বড় ব্যবধানে পরাজিত হন।
এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে তিনি মানহানিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়।
এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত মির্জা আব্বাসের মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে করা মামলায় নাসীরুদ্দ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযুক্তকে নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ মার্চ ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্য ভাইরাল হয়।
এতে মির্জা আব্বাসের ব্যক্তিগত ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: