[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নির্বাচন ছিল সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের- ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে ‘সাজানো’ ও ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রভাবিত’ বলে অভিযোগ তুলেছেন মুফতি সৈয়দ ফয়জুল করীম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালে আলেম-ওলামা ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম।


ফয়জুল করীম বলেন, দলটি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেছিল। তবে বাস্তবে তা প্রতিফলিত হয়নি বলে তার দাবি।

তার ভাষ্য অনুযায়ী, পরিকল্পিত কৌশলের মাধ্যমে সারাদেশে তাদের দলীয় প্রতীক ‘হাতপাখা’র প্রার্থীদের পরাজিত করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফলে প্রভাব ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই রাজনৈতিক নেতা। নরসিংদীতে এক কিশোরী হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের মতো অপরাধ বাড়ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন ফয়জুল করীম। তার অভিযোগ, বাংলাদেশ ব্যাংক-এ এমন একজনকে গভর্নর করা হয়েছে, যার ব্যাংকিং খাতে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই। এতে আর্থিক খাত ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, দেশের ব্যাংকিং খাত জনগণের সম্পদ; এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর