[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে রাশেদ খানের সভা, সংঘর্ষে পুলিশসহ আহত ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী রাশেদ খানের উপস্থিতিতে ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার সামনে অবস্থিত বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—এএসআই জাহিদ, কনস্টেবল সেলিম হোসেন ও পিকলু হোসেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান উপজেলা সদরের মহারাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে বৈঠক করছিলেন। সভা চলাকালে বাইরে অবস্থান নেওয়া আরেক পক্ষের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে জড়িতদের একটি অংশ পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।


কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু দাবি করেন, সভা চলাকালে মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম সমর্থকদের নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে সংঘর্ষ বাধে।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, দলীয় কার্যালয়ে চলমান সভা ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ হস্তক্ষেপ করলে তাদের ওপর আক্রমণ করা হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর