[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

দেশ ভালো নেই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে মানুষের নিরাপত্তাবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নামাজ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেন জামায়াত আমির। শুরুতে তিনি রমজান ও ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য সবার কাছে দোয়া চান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে ভালো রাখতে সরকার, বিরোধী দল ও নির্দলীয়- সব পক্ষেরই দায়িত্ব রয়েছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, সরকারদলীয় কেউ যেন কোনো অপরাধীর পক্ষে অবস্থান না নেন; তা না হলে অপরাধ দমন কঠিন হয়ে পড়বে।


নির্বাচনের পর নতুন সরকারের অধীনে দেশের পরিস্থিতি কেমন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। দায়িত্বশীলদের আরও সতর্ক ও সংযত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, সরকার জনকল্যাণমূলক কাজ করলে বিরোধী দল সহযোগিতা করবে।

তবে জনগণের স্বার্থ, পরিবেশ বা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো পদক্ষেপ নেওয়া হলে বিরোধী দল অবস্থান নেবে বলেও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর