[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

আ.লীগ নেতাদের জামিনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ডাকসু ভিপি সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫৯ পিএম

সংগৃহীত ছবি

হত্যাকাণ্ড সংশ্লিষ্ট একাধিক মামলায় আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার জামিন পাওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

জানা গেছে, কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি-কে একটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একইভাবে পৃথক পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার ভাষ্য, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা একের পর এক জামিন পাচ্ছেন এবং তাদের রাজনৈতিক কার্যক্রমও পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। একই সময়ে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভিন্নধর্মী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির অভিযোগও তোলেন তিনি।


পোস্টে তিনি আরও দাবি করেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের আড়ালে জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপট আড়াল করার চেষ্টা চলছে। তার মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সংশ্লিষ্টদের জন্যও বিপর্যয় ডেকে আনতে পারে।


এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক পরিবর্তনের পর সরকারঘনিষ্ঠ মহলের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাচ্ছে বলেও অভিযোগ করেন ডাকসু ভিপি। তিনি মনে করেন, গণভোট ও জুলাই সনদের ঘোষিত লক্ষ্যকে উপেক্ষা করে আবারও দলীয়করণ ও রাজনৈতিক আনুগত্যভিত্তিক সুবিধা দেওয়ার সংস্কৃতি ফিরে আসছে।


সবশেষে সাদিক কায়েম সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হবে। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত না নিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর