[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

রাজধানীতে ১১ দলের বিক্ষোভ, নির্বাচনে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নানা অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় একটি রাজনৈতিক জোট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় কর্মসূচিটি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মামুনুল হক।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রত্যাশা পূরণ হয়নি এবং ঘোষিত ফলাফল নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভোটের অধিকার সুরক্ষায় উত্থাপিত আপত্তিগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।


তিনি আরও দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে জোটের নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।


সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। তিনি নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে যাবে।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, দেশের রাজনীতিতে সংস্কারের প্রত্যাশা থেকেই সাম্প্রতিক আন্দোলন গড়ে উঠেছিল।

তার মতে, নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।


এছাড়া খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য উমর ফারুক, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য রাখেন।


বক্তারা সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তা তদন্তের দাবি জানান। পাশাপাশি সহিংসতার ঘটনার নিরপেক্ষ বিচার এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর