ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় দলের বৈঠক আহ্বান করেছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে এ সভা অনুষ্ঠিত হবে।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক বসবে।
তার ভাষ্য অনুযায়ী, বৈঠকে সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচনের প্রস্তাব উঠতে পারে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফলের গেজেট প্রকাশ করে।
মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: