[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

অভিযোগ ইস্যুতে হান্নান-আসিফ-সাদিকদের ক্ষমা চাওয়ার দাবি নাছির উদ্দীনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়াকে ঘিরে ছড়িয়ে পড়া একটি অভিযোগের প্রেক্ষিতে এনসিপির কয়েকজন নেতার প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন।
তার ভাষ্য অনুযায়ী, হাতিয়ার ঘটনাকে কেন্দ্র করে যে অভিযোগ প্রচার করা হয়েছিল, তা স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, বিষয়টি পরিকল্পিতভাবে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, যা দায়িত্বশীল আচরণ নয়।


নাছির উদ্দীন বলেন, নথিভুক্ত তথ্যে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে অন্যত্র উপস্থিত থাকার দাবি বাস্তবসম্মত নয় বলেও তিনি মন্তব্য করেন। হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে উল্লেখযোগ্য সময় লাগে—এ বিষয়টিও তিনি উল্লেখ করেন।


তিনি আরও জানান, পরিস্থিতির প্রেক্ষাপটে নোয়াখালী জেলা জামায়াতের আমির কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনাটির ভিন্ন দিক তুলে ধরে বলে তার দাবি। গুরুতর ও স্পর্শকাতর অভিযোগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে তা সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করেন তিনি।


শেষাংশে তিনি এনসিপির হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের উদ্দেশে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর