[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

ভোট বর্জনের অবস্থান থাকলেও মাঠে সক্রিয় ছিলেন আ’লীগের অনেকে - টিআইবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে বিরূপ অবস্থান নিলেও দলটির একটি অংশ অনানুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ছিল।

সংস্থাটির দাবি, দলটির ঘোষিত অবস্থান ও মাঠপর্যায়ের বাস্তবতায় দ্বৈত চিত্র দেখা গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।

এতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।


প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং দলীয় কার্যক্রম ও ছাত্রসংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

একই সময়ে দলটি জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে নিজেদের অবস্থান বজায় রাখে।


টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচনকে প্রাতিষ্ঠানিকভাবে অগ্রহণযোগ্য ঘোষণা করে প্রতিহতের কথা বলা হলেও স্থানীয় পর্যায়ে দলটির কিছু নেতাকর্মী ভোটার হিসেবে অংশ নেন এবং বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় যুক্ত থাকেন।

তবে দলের একটি অংশ বর্জনের অবস্থানেই ছিল—যা সাধারণ ভোটারদের মধ্যেও আংশিকভাবে প্রতিফলিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


সংস্থাটি আরও জানায়, আওয়ামী লীগের ভোটব্যাংক আকৃষ্ট করতে নির্বাচনে অংশ নেওয়া বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল।

বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি–র প্রার্থীদের তৎপরতা লক্ষ্য করা যায়।

এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভিন্ন দলে যোগদান বা তাদের প্রচারণায় অংশ নিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।


টিআইবির ভাষ্য, একদিকে নির্বাচনকে অবৈধ ঘোষণা, অন্যদিকে মাঠপর্যায়ে সম্পৃক্ততার অভিযোগ—এই দ্বৈত অবস্থান পুরো নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর