[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

১৭ ফেব্রুয়ারি শপথ নিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাসভবন হচ্ছে ‘যমুনা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে নতুন মন্ত্রিসভাও শপথ নিতে পারে বলে জানা গেছে।



​সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’কে ছাত্র-জনতার বিপ্লবের স্মৃতি রক্ষার্থে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়ায় নতুন প্রধানমন্ত্রীর আবাসন নিয়ে তোড়জোড় শুরু হয়। সরকারের উচ্চপর্যায়ের অনুসন্ধান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে চূড়ান্ত করা হয়েছে।


​বর্তমানে এই ভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবস্থান করছেন। তিনি দায়িত্ব হস্তান্তর করে ভবন ছেড়ে দেওয়ার পর সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী ভবনটি প্রস্তুত করতে মাসখানেক সময় লাগতে পারে।

​এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন এলাকাগুলো বিবেচনার তালিকায় ছিল। তবে নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং বিদেশি প্রতিনিধিদের সাথে বৈঠকের উপযুক্ত পরিবেশ বিবেচনায় ‘যমুনা’কেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

​মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার।


​উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২০৯টি আসনে এককভাবে এবং জোটগতভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এর মাধ্যমেই দীর্ঘ প্রায় দুই দশক পর দলটি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর