ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিজয়ী হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের নজির স্থাপন করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি জেলা জামায়াতের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জয় পাওয়ার পর মাসুদ সাঈদী ঘোষণা দেন, তিনি দলমত-নির্বিশেষে পিরোজপুরের সব নাগরিকের জন্য কাজ করতে চান। তার ভাষ্য, একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলাই হবে তার অগ্রাধিকার।
সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও উন্নয়ন ও জনকল্যাণের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভাজনের বদলে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন তিনি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেন কারও প্রতি অসদাচরণের কারণ না হয়।
বিজয় যেন অহংকার নয়, বরং দায়িত্ববোধ ও বিনয় বাড়ায় +এ আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন, নতুন সরকারের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা এবং সৎ নেতৃত্ব গড়ে তোলাই হবে তাদের রাজনৈতিক অঙ্গীকার।
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।
সমাবেশ শেষে তিনি চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন বিএনপি কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা শিবির সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: