[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

নাহিদ ইসলামকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩০ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নবীন রাজনৈতিক দল হিসেবে এনসিপির অংশগ্রহণ ও অর্জন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

তিনি উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যে দলটি যে সংগঠিত প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশ নেয় এবং একাধিক আসনে জয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান তৈরি করে—তা তরুণ প্রজন্মের রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রতিফলন।


বার্তায় তিনি ‘চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন’-এর প্রসঙ্গ টেনে বলেন, সে সময়ের নেতৃত্ব ও সাহসিকতা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। আন্দোলনে সংশ্লিষ্টদের অবদান জাতি স্মরণ রাখবে বলেও তিনি মত দেন।


প্রধান উপদেষ্টা আরও জানান, উপদেষ্টা পরিষদে একসঙ্গে কাজ করার সময়ে নাহিদ ইসলামের কর্মনিষ্ঠা, নীতিগত অবস্থান ও প্রশাসনিক বিষয়ে আগ্রহ তাকে আশাবাদী করেছে। তার ভাষায়, গণতন্ত্র শক্তিশালী হয় তখনই, যখন নতুন নেতৃত্ব ও নতুন চিন্তার বিকাশ ঘটে।


তিনি আশা প্রকাশ করেন, সংসদে প্রাপ্ত প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি জনগণের প্রত্যাশা, বিশেষ করে তরুণদের আকাঙ্ক্ষা, গঠনমূলক ও দায়িত্বশীলভাবে তুলে ধরবে এবং ইতিবাচক রাজনৈতিক চর্চা এগিয়ে নেবে।


বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর