নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দমন-পীড়ন অব্যাহত থাকলে রাজপথে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশে কারচুপি হয়েছে।
ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, মারধর ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি। এসব বন্ধ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান।
এনসিপির মুখপাত্র বলেন, শুধু বিরোধী জোটের কর্মীরাই নয়, বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের ওপরও হামলার ঘটনা ঘটছে। তার ভাষ্য, দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। তিনি দাবি করেন, একটি আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর কর্মী নিহত হয়েছেন।
দলটির দাবি, তারা যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেগুলোর অধিকাংশ স্থানেই নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছেন। বিশেষ করে ঢাকা-৮, পঞ্চগড়-১ এবং দিনাজপুর-৫ আসনে ফল পরিবর্তনের অভিযোগ তোলেন তিনি।
তার বক্তব্য, এসব আসনে তাদের প্রার্থীরা এগিয়ে থাকলেও দীর্ঘ সময় ফল স্থগিত রাখা, একাধিকবার গণনা ও কাটাকাটির মাধ্যমে অল্প ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনে পুনর্গণনার আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ভোটগ্রহণ শেষের পর প্রথমদিকে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন, কিন্তু পরে ফলাফলে আকস্মিক পরিবর্তন দেখা যায়। কোথাও ফল প্রকাশে বিলম্ব, কোথাও কেন্দ্র ঘেরাওয়ের মতো ঘটনার অভিযোগও তোলেন তিনি।
কিছু গুরুত্বপূর্ণ আসনে গভীর রাতে ফল প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন। ঢাকা-১৩, ঢাকা-১৫ ও ঢাকা-১৭ আসনের ফল ঘোষণায় অসঙ্গতি ছিল বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সারাদেশে পরিকল্পিতভাবে ভোট গণনায় কারচুপি করে বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী দেখানো হয়েছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, প্রাপ্ত ফল অনুযায়ী প্রায় ৬৮ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।
এ গণরায়ের প্রতিফলন নিশ্চিত না করে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করা সমীচীন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: