[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

দেশে থেকেই রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৭ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা জানিয়েছেন, তিনি দেশে অবস্থান করেই রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

একটি নির্বাচনের ফলাফলকে চূড়ান্ত হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান স্পষ্ট করেন তাসনিম জারা। সেখানে তিনি বলেন, নির্বাচন শেষ হলে বিদেশে ফিরে যাওয়ার যে আলোচনা চলছে, তা সঠিক নয়। তার শিকড় ও কর্মপরিকল্পনা—দুটিই এই দেশের সঙ্গে সম্পৃক্ত।


তিনি জানান, তার রাজনৈতিক যাত্রা কেবল একটি নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে নয়; বরং দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্য নিয়েই এ পথচলা শুরু। সক্রিয় নাগরিক অংশগ্রহণ ও সচেতনতার বিকাশকেই ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হিসেবে দেখছেন তিনি।


প্রচারণা পর্বে নারীদের সক্রিয় অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের উপস্থিতি আলোচনার ধরন ও মান—উভয়ই বদলে দিতে সক্ষম। তরুণী ও কিশোরীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, স্বপ্ন দেখতে পিছপা না হয়ে নেতৃত্বের জায়গায় নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে।


স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে তিনি বলেন, ইতিবাচক ও পরিচ্ছন্ন রাজনীতির বার্তা মানুষের দ্বারে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও সংগঠিত ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।


তাসনিম জারা আরও বলেন, নির্বাচনে প্রাপ্ত ভোট তার জন্য ভবিষ্যতের পথচলায় শক্ত ভিত্তি তৈরি করেছে। জনগণের একটি অংশ স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছে বলেও তিনি মনে করেন।


গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংগঠনিক কাঠামো জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি এলাকায় সচেতন নাগরিক ও দায়িত্বশীল প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে সামনের দিনগুলোতে আরও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর