কুমিল্লা-৮, পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২—এই তিনটি সংসদীয় আসনে ভোটগ্রহণ স্থগিতের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির অভিযোগ, সংশ্লিষ্ট আসনগুলোর কয়েকটি কেন্দ্রে সহিংসতা, প্রার্থীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের কেন্দ্রচ্যুত করা এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি বলেন, অভিযোগ পাওয়া কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হয়নি। অনিয়মের কারণে ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছে দাবি করে তিনি সংশ্লিষ্ট আসনগুলোতে পুনরায় ভোটগ্রহণের উদ্যোগ নিতে কমিশনের প্রতি আহ্বান জানান।
মোয়াজ্জেম হোসেন জানান, অভিযোগের সমর্থনে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট অনলাইন লিংক নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কুমিল্লা-৮ আসনের কিছু কেন্দ্রে জামায়াত সমর্থিত এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও কমিশনকে অবহিত করা হয়েছে।
পাশাপাশি নরসিংদী, নোয়াখালী ও ঝালকাঠির কয়েকটি কেন্দ্রের ঘটনাও তুলে ধরা হয়েছে।
উল্লেখিত আসনগুলোর মধ্যে কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) আসনে জামায়াতের প্রার্থী শফিকুল আলম হেলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও মাঠে রয়েছেন।
পটুয়াখালী-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে রয়েছেন এবি পার্টির মোহাম্মদ আব্দুল ওহাব। আর শরীয়তপুর-২ আসনে জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি আসনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে দলটি।
এসআর
মন্তব্য করুন: