[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

জয়-পরাজয় আল্লাহর ইচ্ছাতেই নির্ধারিত: মিনু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১ এএম

সংগৃহীত ছবি

রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, নির্বাচনে জয় কিংবা পরাজয় আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।

তবে তার আশা, রাজশাহীর ছয়টি আসনসহ বিভাগের মোট ৩৯টি আসনেই বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


মিনু জানান, দেশে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। ভোটের দিন কয়েকটি কেন্দ্রে একটি দলের সমর্থকদের প্রবেশের চেষ্টা করার অভিযোগ উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে বিষয়টিকে তিনি বড় কোনো ঘটনা হিসেবে দেখছেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

সে সময় জনগণের সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের অগ্রগতি ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি।


ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মিনু বলেন, আগের রাতেও কয়েকটি কেন্দ্রে একটি পক্ষের লোকজন প্রবেশের চেষ্টা করেছিল।

দীর্ঘদিন ধরে তিনি এ এলাকার মানুষের পাশে আছেন উল্লেখ করে বলেন, এলাকার প্রবীণরা তাকে সন্তানের মতো ভালোবাসেন, মায়েরা দোয়া করেন এবং তরুণ সমাজ আন্দোলন-সংগ্রামে পাশে থেকেছে।

জনগণের এই আস্থা ও ভালোবাসাকেই তিনি তার সবচেয়ে বড় অর্জন হিসেবে মনে করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর