আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আগামী দিনের দায়িত্ব তরুণদের হাতেই এবং তাদের অংশগ্রহণই ইতিহাস রচনায় ভূমিকা রাখবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তরুণরা যেন সাহস ও আত্মবিশ্বাস নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয় এবং কোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করে।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের দিনটি স্মরণীয় করে রাখতে তরুণরা চাইলে দিনের বিভিন্ন মুহূর্ত ছবি ও ভিডিওর মাধ্যমে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারে, যাতে বিশ্ববাসী ভোট উৎসব সম্পর্কে জানতে পারে।
তবে তিনি স্পষ্টভাবে বলেন, ভোটকেন্দ্রের গোপন কক্ষ (ভোটিং বুথ)-এর ভেতরে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।
পোস্টে ডা. শফিকুর রহমান দাবি করেন, ভোটাধিকার ও মোবাইল ফোন ব্যবহারের স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার। তিনি তরুণদের এসব অধিকার দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানান।
নির্বাচনের ঠিক আগের রাতে দেওয়া এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। মন্তব্যের ঘরে সমর্থকদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের অংশগ্রহণও দেখা যায়।
এসআর
মন্তব্য করুন: