ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকাশিত নতুন জরিপে দেখা গেছে, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ১৭১ থেকে ২২২টি আসনে জয় পেতে পারে।
জরিপে বাংলাদেশের জামায়াতে ইসলামী ৪৬টি আসনে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ৭১টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ফলাফলে উল্লেখ করা হয়েছে।
জরিপ অনুযায়ী ভোট দিতে আগ্রহী ভোটারের সংখ্যা ৭১ শতাংশ। ৪৬ শতাংশ ভোটার বিএনপি জোটকে সমর্থন করছেন, আর ৩৩ শতাংশ ১১ দলীয় জোটকে সমর্থন জানান।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট হবে ২৯৯টি আসনে। নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে।
গত নির্বাচনের পরিস্থিতি উল্লেখ করে জানা গেছে, ২০১৪ সালের নির্বাচন ‘একতরফা’, ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন ‘আমি–ডামির নির্বাচন’ হিসেবে পরিচিতি পেয়েছে। এতে ভোটারদের একটি বড় অংশ ভোট দিতে পারেননি।
গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতিত হয় এবং ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় অংশগ্রহণ করছে না।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৬০টি। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন, যার মধ্যে রাজনৈতিক দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮১ জন।
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া পরিচয়ে ভোটার ১ হাজার ২৩২ জন।
এসআর
মন্তব্য করুন: