জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ ভোটকেন্দ্র দখল বা ভোট চুরি করলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ বলেন, সারাদেশে ভুয়া খবর ছড়ানো হচ্ছে এবং নিরপেক্ষ থাকার কথা থাকা ব্যক্তিরাও পক্ষপাতিত্ব করছে। বিভিন্ন এলাকায় দলের প্রার্থীদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী দায়িত্বে থাকা সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, টাকার উদ্ধারের নামে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। উদাহরণ হিসেবে ২০ হাজার টাকা উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাকে হেনস্তা করা হয়েছে। পাশাপাশি বাসা থেকে টাকা ও ল্যাপটপ উদ্ধার করার নামে নাটক মঞ্চায়ন করা হচ্ছে। ভোটারদের সঙ্গে অর্থ লেনদেনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
যৌথবাহিনী এবং সেনাবাহিনীর কাজের প্রশংসা করে আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাতের মধ্যে সব অস্ত্র উদ্ধার করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশি মিডিয়া আবারও ৫ আগস্টের পূর্বের পক্ষপাতিত্বমূলক অবস্থায় ফিরে যাচ্ছে। নির্দিষ্ট দলকে সহায়তা করা হচ্ছে ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে। তিনি সতর্ক করে বলেন, এবার আর ছাড় দেওয়া হবে না এবং যারা পক্ষপাত দেখাচ্ছেন, তাদের কার্যকলাপ নথিভুক্ত করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: