দীর্ঘ দেড় দশক পর রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া এই ভাষণে তিনি একটি বৈষম্যহীন 'বাংলাদেশ ২.০' গড়ার স্বপ্ন এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, জনগণের সমর্থনে ক্ষমতায় এলে প্রথম দিন ফজর নামাজ পড়েই তাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।
জুলাই বিপ্লব ও তরুণ প্রজন্মের প্রশংসা
ডা. শফিকুর রহমান তার ভাষণের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, "জুলাই হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য। আমাদের তরুণরা এখন এমন এক দেশ দেখতে চায়, যা তারা গর্ব করে 'নতুন বাংলাদেশ' বলতে পারবে। এই তরুণরাই প্রযুক্তি বোঝে এবং তারাই পারবে আধুনিক দেশ গড়তে।"
নির্বাচন ও গণভোটের আহ্বান
জামায়াত আমির জানান, রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করতে এবং জনগণের ইচ্ছা প্রতিফলিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটের আয়োজন করা হচ্ছে। তিনি এই গণভোটে 'হ্যাঁ' চিহ্নে ভোট দিয়ে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
৫টি 'হ্যাঁ' এবং ৫টি 'না'
দেশ গড়ার লক্ষে জামায়াতে ইসলামী ১০টি মৌলিক বিষয়ের ওপর জোর দিয়েছে:
৫টি বিষয়ে 'হ্যাঁ': সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান।
৫টি বিষয়ে 'না': দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি।
নারীর মর্যাদা ও ধর্মীয় সম্প্রীতি
নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতর নয়, সমাজের মূলধারার নেতৃত্বে সগৌরবে থাকবেন।" এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। কেউ ধর্মীয় পরিচয়ে ভয়ের মধ্যে বাস করবে না।
প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে আমির বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিটি দূতাবাসে 'ভলান্টিয়ার প্রতিনিধি' নির্বাচন করা হবে। এছাড়া প্রবাসীরা যেন সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেজন্য আনুপাতিক হারে প্রবাসী প্রতিনিধি মনোনয়নের উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার
ডা. শফিকুর রহমান বলেন, "জামায়াতের কোনো জনপ্রতিনিধি অতীতে দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। আমরা ক্ষমতাকে উপভোগের বস্তু নয়, আমানত মনে করি।" তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের 'দাঁড়িপাল্লা' মার্কায় এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের জোটগত প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আকুল আবেদন জানান।
এসআর
মন্তব্য করুন: