[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

বাস্তবসম্মত প্রতিশ্রুতির কথাই বলছে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই রাষ্ট্রের সব ক্ষমতার প্রকৃত উৎস—এ বিশ্বাস থেকেই তার দল রাজনীতি করে।

এমন কোনো অঙ্গীকার তিনি করতে চান না, যা মানুষের সামর্থ্যের বাইরে কিংবা বাস্তব জীবনে বাস্তবায়ন অসম্ভব।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, “যা বাস্তবে করা সম্ভব নয়, এমন প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। জনগণের পক্ষে বাস্তবায়নযোগ্য কর্মসূচিই বিএনপি সামনে আনছে।”


ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে। সে লক্ষ্যে প্রতিটি পরিবারের গৃহিণীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।


তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলে অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এসব প্রতিষ্ঠানে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজের উদ্যোগে ব্যবসা করতে পারবে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রবাসে যেতে গিয়ে যেন কাউকে জমিজমা বিক্রি করতে না হয়, সে জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থার কথাও জানান তিনি।


কৃষকদের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, “কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে।” এ জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও বলেন।


ঢাকা-১৫ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান জানান, স্থানীয় জনগণের চিকিৎসা সুবিধার জন্য এখানে একটি হাসপাতাল স্থাপন করা হবে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১০০ ফিট সড়কের কাজ দ্রুত শুরু করা হবে।


নারী ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার সময় নারীদের শিক্ষাকে বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন, যার ফলেই আজ দেশের মেয়েরা প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফ্রি শিক্ষা পাচ্ছে।


তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ স্মরণ রেখেই সামনে এগিয়ে যেতে হবে এবং একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর