রাষ্ট্রক্ষমতার বৈধতা প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র পথ- এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তারেক রহমানের নাম উল্লেখ করে তিনি এই আহ্বান জানান।
ওই পোস্টে তিনি দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, জুলাই বিপ্লবের পরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ শাসনব্যবস্থার নৈতিক ভিত্তি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ছাড়া কোনো রাজনৈতিক শক্তির পক্ষে জনগণের পূর্ণ আস্থা অর্জন সম্ভব নয়। জনআস্থা ও ন্যায্যতার অভাবে কোনো নির্বাচনী ফল দীর্ঘস্থায়ী গ্রহণযোগ্যতা পায় না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, এই পরিবর্তনের পর রাজনৈতিক নেতৃত্বের ওপর দায়িত্ব আরও বেড়েছে। বিশেষ করে তরুণ সমাজের সামনে রাজনীতির একটি ইতিবাচক, নৈতিক ও দায়িত্বশীল রূপ তুলে ধরা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে বোঝাতে হবে—রাজনীতি মানেই কেবল দ্বন্দ্ব বা প্রতিশোধ নয়; বরং এটি হতে পারে যুক্তিনির্ভর, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী একটি প্রক্রিয়া।
স্ট্যাটাসে গণমাধ্যমের ভূমিকা ও জনসমালোচনার গুরুত্ব উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহি অপরিহার্য। সমালোচনার মুখোমুখি হওয়ার মানসিকতাই সুস্থ রাজনৈতিক চর্চার ভিত্তি গড়ে তোলে।
এই প্রেক্ষাপটে তিনি তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন। তার মতে, যেহেতু উভয় পক্ষই তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি ইতোমধ্যে জনগণের সামনে উপস্থাপন করেছে, তাই সরাসরি আলোচনার মাধ্যমে তা আরও স্পষ্টভাবে তুলে ধরা যেতে পারে।
তিনি প্রস্তাব করেন, একটি প্রকাশ্য প্ল্যাটফর্মে দুই নেতার অংশগ্রহণে এমন আলোচনা আয়োজন করা হোক, যেখানে নিজ নিজ ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব জনগণের ওপর ন্যস্ত থাকবে।
পোস্টের শেষাংশে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, জনগণের মতামত ও রায়ের প্রতি শ্রদ্ধাই একটি নতুন ও ইতিবাচক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে পারে। তিনি সবাইকে গণরায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: