[email protected] শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০২ পিএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দিয়েছেন।

তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের একাধিক নির্বাচিত প্রতিনিধি ছাত্রদলে যুক্ত হয়েছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সহসভাপতি তহিদুর রহমান আওয়ালসহ কেন্দ্রীয় ও জাবি পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ছাত্রদলে যোগদানকারী হল সংসদের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন—নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামাল উদ্দীন হলের ভিপি জি এম এম রায়হান কবির, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারজানা রিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শারিয়ান নাজিম রিয়াদ, শহিদ রফিক-জব্বার হলের জিএস শরিফুল ইসলাম এবং শহিদ সালাম-বরকত হলের ভিপি মারুফ হাসান।


এ ছাড়া পূর্বে ছাত্রদলে যোগ দিলেও এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন শহিদ সালাম-বরকত হলের জিএস মাসুদ রানা ও এ এফ এম কামাল উদ্দীন হলের এজিএস রিপন মণ্ডল।
যোগদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন নানা প্রতিবন্ধকতা ও অনিয়মের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে। এরপরও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।


স্বাগত বক্তব্যে ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, দেশ বর্তমানে এক নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। তিনি জানান, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে তিনি ভিপি নির্বাচিত হন।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সাম্প্রতিক গণআন্দোলনের চেতনাকে ধারণ করে যে রাজনীতি পরিচালিত হয়—বিএনপি সেই ধারার প্রতিনিধিত্ব করে বলে তিনি বিশ্বাস করেন।


তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ পরিবর্তন ও বাংলাদেশপন্থী রাজনীতি বাস্তবায়নে বিএনপিই কার্যকর শক্তি হিসেবে ভূমিকা রাখতে সক্ষম।


উল্লেখ্য, জাকসু নির্বাচনে আব্দুর রশিদ জিতু তিন হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর