[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

অতীত টেনে হানাহানি নয়, ঐক্যের রাজনীতির আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:০৬ এএম

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের ঘটনা নিয়ে আর কামড়াকামড়ির রাজনীতি করা হবে না।

তিনি মন্তব্য করেন, ‘কে কতটা পবিত্র- এই বিতর্কে গেলে টান দিলে সবার গায়েই দুর্গন্ধ পাওয়া যাবে। আমরা সবাই একই বাগানের আলাদা আলাদা ফুল।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেই এই দেশ। সবাইকে নিয়ে একসঙ্গে চলার এবং নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মের কারণে কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হবে না।


তিনি দাবি করেন, দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আল্লাহর সহায়তায় রাষ্ট্রক্ষমতায় গেলে সেই অর্থ উদ্ধার করে জাতীয় কোষাগারে জমা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


ন্যায়ভিত্তিক বণ্টনের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আত্মীয়তা বা প্রভাবের কোনো মূল্য থাকবে না। ‘কোনো মামু-খালা, লাল-নীল টেলিফোন বা ক্ষমতার পরিচয় বিবেচনায় আসবে না। কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী—সেটাও মুখ্য নয়। যার যেটা প্রাপ্য, তাকে সেটাই ইনসাফের ভিত্তিতে দেওয়া হবে,’ বলেন তিনি।


শফিকুর রহমান বলেন, দেশের ভালো-মন্দের সঙ্গে সবার ভবিষ্যৎ জড়িত। তিনি বলেন, গত ৫৪ বছরে পর্যায়ক্রমে তিনটি দল দেশ শাসন করেছে। তাদের শাসনের মূল্যায়ন করলেই জনগণের সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যায়।


তরুণ প্রজন্ম ইতিমধ্যে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদাহরণ টেনে তিনি বলেন, তরুণরা ন্যায় ও সত্যের পক্ষে থাকতে চায়, কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজের সঙ্গী হতে নয়।


নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জানিয়ে জামায়াত আমির বলেন, মদিনাভিত্তিক শান্তি ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা তাদের লক্ষ্য। সেখানে নারীরা নিরাপদে ঘরে ও বাইরে চলাচল ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারবেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি।


জনসভা শেষে নাটোরের চারটি সংসদীয় আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থীদের প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর