[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সরাল মেটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও পরিচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

দলটির দাবি, পরিকল্পিত ভুয়া কপিরাইট অভিযোগ ও সাইবার আক্রমণের কারণেই পেজটি অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি সংঘবদ্ধভাবে ভুয়া কপিরাইট স্ট্রাইক ও মিথ্যা রিপোর্টিংয়ের শিকার হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি সরিয়ে নেয়। দলটির দাবি অনুযায়ী, এটি কোনো ধরনের নীতিমালা লঙ্ঘনের ফল নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


জামায়াত নেতারা মনে করছেন, জনপ্রিয়তা ও মানুষের সমর্থনে ঈর্ষান্বিত একটি গোষ্ঠী এই ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একটি পেজ সরিয়ে দেওয়া গেলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে মুছে ফেলা সম্ভব নয়।


এনামুল হক জানান, পেজটি পুনরুদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য উপস্থাপনের কাজ চলছে।


সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে ধৈর্য ও সচেতনতা বজায় রাখতে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ন্যায় ও সত্যেরই শেষ পর্যন্ত জয় হবে।


এ ঘটনায় আইনগত পদক্ষেপের অংশ হিসেবে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর