[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের ‘জনতার ইশতেহার’ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৫ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নির্বাচনি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে জামায়াতে ইসলামী।

দলটির ঘোষিত ইশতেহারের নাম রাখা হয়েছে ‘জনতার ইশতেহার’, যেখানে রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইশতেহারের বিভিন্ন দিক নিয়ে ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ইশতেহার প্রকাশের এই আয়োজনে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

ইশতেহারের প্রথম অংশে শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক কাঠামোর পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ গঠন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং জবাবদিহিতামূলক জনপ্রশাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও আইন ও বিচারব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পরবর্তী অংশগুলোতে আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুনর্গঠন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হয়। বাণিজ্য, শিল্প, শ্রম এবং প্রবাসী কল্যাণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানোন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়। যুবসমাজকে নেতৃত্বে রেখে প্রযুক্তিভিত্তিক উন্নয়ন, নারী ও শিশু নিরাপত্তা, সমাজকল্যাণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও ইশতেহারের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর