বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, সংগঠনটির আরও একটি যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।
দলটির দাবি অনুযায়ী, হ্যাকড হওয়া অ্যাকাউন্টটি জামায়াতের কেন্দ্রীয় নেতা মিয়া গোলাম পরওয়ারের নামে পরিচালিত একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট।
দলটির পক্ষ থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে বলা হয়, ওই অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এমন কিছু পোস্ট দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অননুমোদিত এবং জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ কিংবা অবস্থানের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলটির নামে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, ঘটনার পরপরই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার ও সুরক্ষিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে দলটি সতর্ক অবস্থানে রয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে। অভিযোগের আওতায় পুলিশ ও নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করা হবে।
পাশাপাশি বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরে শিগগিরই একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংবাদ সম্মেলনের আয়োজনের কথাও জানানো হয়।
বিবৃতিতে দলটি আরও উল্লেখ করে, ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে জামায়াতে ইসলামী নীতিনিষ্ঠ, ইতিবাচক ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে অটল থাকবে।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টও হ্যাকড হয়েছে বলে দাবি করেছিল দলটি।
এসআর
মন্তব্য করুন: