[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

দল নয়, আমি গোটা জাতির বিজয় দেখতে চাই- ডা. শফিকুর রহমান

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫৬ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার লক্ষ্য কোনো একটি দলের জয় নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের সামগ্রিক বিজয়।

তিনি বলেন, জনগণের জয় নিশ্চিত হলেই সেটি সবার জন্য কল্যাণ বয়ে আনবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, নির্ধারিত সময় পর্যন্ত জনগণের মতামতকে সম্মান করতে হবে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন, তাকেই অভিনন্দন জানানো হবে। তবে অবৈধ বা কারচুপির মাধ্যমে নির্বাচন আয়োজনের চেষ্টা আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


তিনি আরও বলেন, সব ধরনের অনিয়মের পথ বন্ধ করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা যারা করবে, তারা ব্যর্থ হবে। জাতিকে সঙ্গে নিয়ে অগ্রগতির পথেই এগিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াত আমির।


জনসভায় তিনি অভিযোগ করে বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করে যারা বিদেশে পালিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

লুট হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে তা ব্যয় করা হবে বলেও জানান তিনি।


কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ বিন হাবিবসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর