[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

শেখ হাসিনা ছাড়াও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোনো সম্ভব: মির্জা ফখরুল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১:১০ এএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো একক রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।

শেখ হাসিনা থাকুক বা না থাকুক - রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।

ভারতের প্রভাবশালী ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে আসন্ন জাতীয় নির্বাচন, দলীয় সংস্কার এবং প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নানা দিক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব।


মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা পানি বণ্টন সমস্যা শুধু আলোচনার মাধ্যমে নয়, আন্তরিক রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই সমাধান করা সম্ভব। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড বন্ধ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাণিজ্য খাতে বিদ্যমান বৈষম্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাণিজ্য সম্পর্ক পুনর্বিন্যাস করা জরুরি। পাশাপাশি সাম্প্রতিক ক্রিকেটকেন্দ্রিক উত্তেজনাকে অপ্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা দুই দেশের জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে।


সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে দ্রুত সংলাপের মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান সম্ভব। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকাবহ সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফরকে তিনি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলেও উল্লেখ করেন।


শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা ভবিষ্যতে ভারত–বাংলাদেশ সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তিনি হয়তো একটি উপাদান, তবে তা অতিক্রম করা অসম্ভব নয়।

তার মতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং ক্ষমতা কেন্দ্রীভূত করার রাজনীতিই বর্তমান সংকটের জন্ম দিয়েছে। দীর্ঘমেয়াদে এ ধরনের রাজনীতি টেকসই নয় বলেও মন্তব্য করেন তিনি।


সবশেষে বিএনপি মহাসচিব বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ব্যক্তি বা দলনির্ভর না হয়ে রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখেই পরিচালিত হওয়া উচিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর