[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

হ্যাকড অ্যাকাউন্ট থেকে ছড়ানো মন্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করলেন জামায়াত আমির

এম. এ রনী

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৬ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ছড়ানো আপত্তিকর মন্তব্যের কারণে কোনো নারী যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। ওই হ্যাকড অ্যাকাউন্ট থেকেই মায়েদের উদ্দেশে অশালীন ও অগ্রহণযোগ্য মন্তব্য ছড়ানো হয়, যা তার ব্যক্তিগত মতামত নয়।

ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং এ নিয়ে মিছিলও করা হয়েছে। তিনি দাবি করেন, যারা প্রকৃত অর্থে নারীদের সম্মান করে না, তারাই এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে।

নারীদের প্রতি অবমাননাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, যারা নারীদের অসম্মান করে তারা মানবিক আচরণ করছে না। তিনি স্মরণ করিয়ে দেন, প্রত্যেক মানুষই কোনো না কোনো মায়ের সন্তান—সুতরাং মায়েদের, স্ত্রীদের ও বোনদের সম্মান করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, নিজের পরিবারকে সম্মান করতে পারলেই সমাজের সব নারীর মর্যাদা রক্ষা সম্ভব। নারীদের প্রতি অবমাননা সামাজিক অবক্ষয়েরই প্রতিফলন। এ থেকে বেরিয়ে আসতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

এসআর

সম্পর্কিত খবর