[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমানের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ৪:২৯ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন দলটির শীর্ষ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি বিশেষ নিরাপত্তাবেষ্টনীযুক্ত গাড়িতে করে সমাবেশস্থলে পৌঁছান।

মাঠে প্রবেশের পর মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি। পরে প্রধান অতিথির আসনে অবস্থান নেন তারেক রহমান।

এর আগে দুপুরে রাজধানী থেকে একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান তিনি। হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে সরাসরি তিনি হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর নির্ধারিত সময়ে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অংশ নেন।

এই সমাবেশে রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা মঞ্চে বক্তব্য দেন।

সমাবেশ শেষে বিকেলে নওগাঁর এটিএম মাঠে আরেকটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জয়পুরহাট জেলার নেতাকর্মীরা যোগ দেবেন। পরবর্তীতে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সন্ধ্যায় বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। রাতে তিনি বগুড়ায় অবস্থান করবেন।

সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাজশাহীর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন থানা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকা।

মানুষের ব্যাপক উপস্থিতির কারণে সমাবেশস্থলের আশপাশের সড়কে যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে গাছ ও উঁচু স্থানে উঠে সমাবেশ দেখার চেষ্টা করতে দেখা যায়। সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো মাদ্রাসা ময়দান পরিণত হয় জনসমুদ্রে।

সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হয় এবং ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর