[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণামূলক প্যাকেজ - নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ৩:০৬ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কোনো কার্যকর সমাধান নয়; বরং এগুলো একটি প্রতারণামূলক উদ্যোগ।

এসব কার্ডের কথা বলে জনগণকে ভুল পথে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তাঁর মতে, দেশের বর্তমান বড় চ্যালেঞ্জ কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নয়, বরং জাতীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা।


সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী মাহবুব আলমের পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, দেশের আরেকটি বড় সংকট হলো ঋণখেলাপি ও লুটেরাদের বিচার নিশ্চিত না হওয়া।

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে আগে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। এনসিপি সে লক্ষ্যেই পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, তাহাজ্জুদের নামাজের পর ভোটারদের কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বানের আড়ালে ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা ঐক্যবদ্ধ জনগণ প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন।


নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের নিরাপত্তায় সক্রিয় থাকবে। ভোটে বাধা সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।


একই সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আবারও গণমাধ্যমকে দলীয় প্রভাবের দিকে ঠেলে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

দৃশ্যত বিভিন্ন প্রতিষ্ঠানকে একদিকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে।

তিনি স্মরণ করিয়ে দেন, ৫ আগস্টের আগে অনেক গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষ নিলেও শেষ পর্যন্ত জনগণের প্রতিরোধে তা টেকেনি। জনগণ রক্তের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে বলেও তিনি মন্তব্য করেন।


জনসভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমানসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর