আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
বিবৃতিতে তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করে।
এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসনের পতনের পর পরাজিত শক্তি গোপনে মাথাচাড়া দিয়ে উঠে আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বিবৃতির শেষাংশে তিনি আহত হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এসআর
মন্তব্য করুন: