‘হ্যাঁ’ ভোট জয়ী হলে শাসনব্যবস্থা হুমকিতে পড়বে বলে মনে করেন।
গণভোটকে ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া আখ্যা দিয়ে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, এই গণভোট সফল হলে দেশের শাসনব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়বে এবং জনগণের মতামত উপেক্ষিত হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রংপুর নগরীর দর্শনার পল্লীনিবাসে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরুর আগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, সরকার ও তাদের পৃষ্ঠপোষকরা যেভাবে মাঠে নেমেছে, তাতে জনগণ ভোট দিক বা না দিক—‘হ্যাঁ’ ভোটকে জোর করে বিজয়ী করার চেষ্টা চলছে। তাঁর দাবি, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে একটি আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা পাবে, যা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে না।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি সংস্কারের বিরোধী নয়। তবে সংস্কার হতে হবে জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে। বর্তমান যে প্রক্রিয়ায় সংস্কারের কথা বলা হচ্ছে, তার ভেতরে গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
গণভোট ঘিরে নানা শঙ্কার কথা তুলে ধরে জিএম কাদের বলেন, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশে সমান্তরাল শক্তি গড়ে উঠতে পারে। এতে সংসদ ও নির্বাচিত সরকার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। দীর্ঘমেয়াদে একটি তথাকথিত বিপ্লবী সরকার ক্ষমতা আঁকড়ে ধরার পথ তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং নানা প্রলোভন দেখিয়ে ‘হ্যাঁ’ ভোটে সমর্থন আদায়ের চেষ্টা চলছে। এসব প্রচারণার বাস্তব কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিএম কাদের বলেন, দেশে পরিকল্পিতভাবে রাজনৈতিক দল ও বিরোধী শক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। ভবিষ্যতে বিচারের নামে প্রহসনের আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: