[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

সিলেটে তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ৯:৪৭ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা।


এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিলেটের উদ্দেশে যাত্রা করেন। তার আগমনকে ঘিরে নগরজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। বিমানবন্দর এলাকায় দলীয় সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।


বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.) মাজারে জিয়ারত করেন। এরপর হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার সিলাম এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।


তারেক রহমানের সফর উপলক্ষে মাজার প্রাঙ্গণগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হয়। মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয় সার্বিক প্রস্তুতি। একই সঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী তার আগমন নিশ্চিত করে জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারেক রহমান মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়িতে অবস্থান করবেন এবং সফর ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।


উল্লেখ্য, বিএনপির শীর্ষ নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। প্রায় ২১ বছর আগে সর্বশেষ তিনি সিলেট সফরে এসেছিলেন, তখন তিনি দলটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কয়েকজন তরুণের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর বেলা ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সিলেটের কর্মসূচি শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি-সমর্থিত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর