[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, থাকছে টানা নির্বাচনি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১:৩০ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণায় নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির এই প্রচারণা শুরু হচ্ছে সিলেট সফরের মাধ্যমে, যেখানে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি বলেন, আজ রাতেই বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে গভীর রাতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে।


ড. মাহদী আমিন জানান, বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনি প্রচারণার ‘থিম সং’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সিলেটের জনসভা শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জ এলাকায় পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন।


এই সফরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় নেতারা তার সঙ্গে থাকবেন বলেও জানান মাহদী আমিন। তিনি আরও বলেন, সফরসংক্রান্ত কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আগেই লিখিতভাবে অবহিত করা হয়েছে।


সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে অতীতে জনসমাগম এড়াতে তারেক রহমান তার একাধিক ব্যক্তিগত ও ধর্মীয় সফর স্থগিত করেছিলেন।


ড. মাহদী আমিন আশা প্রকাশ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীল আচরণ করবে এবং নির্বাচনি আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর