[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১:০৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে সেখানে ক্ষুদ্র ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার যে বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার ঢাকা বিভাগীয় কার্যালয়ে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এমন প্রতিশ্রুতি দেওয়া গ্রহণযোগ্য নয়।

তার ভাষ্য অনুযায়ী, কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের ঘোষণা বাস্তবায়নযোগ্য নয় এবং এটি নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। তিনি বলেন, এ ধরনের বক্তব্যের পরও নির্বাচন কমিশনের নীরবতা প্রশ্নের জন্ম দিচ্ছে।

তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নিয়ম আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করেন এবং বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম অতীতের বিতর্কিত কমিশনের ধারাবাহিকতায় যাচ্ছে।


গণমাধ্যম প্রসঙ্গেও অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বহু গণমাধ্যম বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে এবং মিডিয়া প্রভাব বিস্তারের চেষ্টা স্পষ্ট।


প্রতীক বরাদ্দ নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর ‘শাপলা কলি’ প্রতীক পেলেও নির্বাচন কমিশনের কাছ থেকে তারা বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন।
এনসিপির এই নেতা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে।

পাশাপাশি তিনি ওসমান হাদির বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানান এবং বলেন, এটি তার নির্বাচনী অঙ্গীকারের অংশ থাকবে। চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।


অন্যদিকে, একই দিনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পান। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।


প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেছে। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর