বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামী ১৯ জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, জন্মবার্ষিকীর দিন সোমবার (১৯ জানুয়ারি) সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
পরে বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
এ সময় দলের চেয়ারপারসনকেও উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।
এছাড়া পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন।
রিজভী আরও বলেন, জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দেশের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।
এদিকে দিবসটি সামনে রেখে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৯ জানুয়ারি একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
জন্মবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আগামী ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: