গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও সাধারণ সম্পাদক আবু আলা মওদুদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পলাশবাড়ীতে নববর্ষ উদযাপন করা হয়।
এসআর