জ্বালানির দাম বাড়ার অজুহাতে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করেছেন যে, সরকার এ বিষয়ে কঠোর নজরদারি চালাচ্ছে
এবং কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় নবনির্মিত নিট শিল্প পল্লি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রপ্তানি খাতের পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর তা অগ্রাধিকার ভিত্তিতে শিল্প কারখানায় সরবরাহ করা হয়। তাই শুধু জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—এমন ধারণা সঠিক নয়। বরং বৈশ্বিক বাজারের মন্দাভাব রপ্তানি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ।
বিটিএমসির শিল্প প্লটগুলো নিয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপিত হয়েছে এবং একই প্রতিষ্ঠান আরও দুটি প্লট নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। তবে কিছু প্লট বর্তমানে স্থানীয়দের দখলে রয়েছে। এই সমস্যা দ্রুত সমাধান করে প্রতিটি প্লটে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিনিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি নতুন শিল্পোদ্যোক্তাদের জ্বালানি-নির্ভর (Fuel Intensive) কারখানার পরিবর্তে কম জ্বালানি সাশ্রয়ী (Less Fuel Intensive) কারখানা স্থাপনের পরামর্শ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নিয়ে ‘বর্ণালী কালেকশন লিমিটেড’ নামে একটি পোশাক কারখানা এবং অন্যান্য প্লট ঘুরে দেখেন। এরপর তারা নারায়ণগঞ্জের চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসআর