বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। মূলত এসব দেশের অভিবাসীদের মধ্যে মার্কিন সরকারের জনকল্যাণমূলক সহায়তা
(ওয়েলফেয়ার) গ্রহণের হার অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকেই এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে। তবে এটি শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য; পর্যটক, শিক্ষার্থী বা অন্যান্য অনভিবাসী ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ সাধারণ ভ্রমণ বা পড়াশোনার জন্য ভিসা প্রক্রিয়া আগের মতোই চলমান থাকবে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের সরকারি সুবিধা গ্রহণের হার তুলে ধরা হয়। সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম।
পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪.৮ শতাংশই কোনো না কোনোভাবে সরকারি সহায়তা গ্রহণ করে থাকেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালও এই তালিকায় রয়েছে। মূলত মার্কিন করদাতাদের ওপর ব্যয়ের চাপ কমাতেই স্টেট ডিপার্টমেন্ট এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
এসআর