হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ঢাকায় এনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীতে স্থানান্তর করা হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছে।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, লালমনিরহাট সফরের উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছানোর পর বিমানবন্দরে অবস্থানকালে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়।
চিকিৎসকদের পরামর্শে পরে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সৈয়দপুরে অবস্থানকালীন সময়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানা গেছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, প্রাথমিক চিকিৎসার পর মন্ত্রীর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর