[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, গতি পৌঁছাতে পারে ৬০ কিমি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৫:৪৫ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার  বিকেলে দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের সতর্কবার্তায় জানানো হয়, ঢাকাসহ কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ ঝড় হতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৪টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।


তবে সম্ভাব্য বৃষ্টির পরও তাপমাত্রা কমার তেমন আভাস নেই। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক পরিস্থিতিতে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর