হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে জাহাজটি। তবে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছানোর পর ইরান কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হলে তা মঞ্জুর হয়নি।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেও অনুমতি পাওয়া যায়নি। ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জাহাজটিতে থাকা ৩১ জন নাবিক সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল ঠিক রাখতে দৈনিক খাবারের বরাদ্দ বাড়িয়ে জনপ্রতি ১২ ডলার করা হয়েছে, যা আগে ছিল ৭ ডলার।
বিএসসি সূত্র জানায়, ‘বাংলার জয়যাত্রা’ গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি জেবেল আলী বন্দরে পৌঁছায়।
বর্তমান পরিস্থিতিতে জাহাজটির রুট পরিবর্তন করা হলেও নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআর