[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

দুই মাস জ্বালানিতে সংকট নেই, জানাল জ্বালানি বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৩:৫১ পিএম

সংগৃহীত ছবি

দেশে আপাতত পেট্রল ও অকটেনের কোনো ঘাটতি নেই এবং আগামী অন্তত দুই মাস এই সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং নিকট ভবিষ্যতে সংকটের আশঙ্কা নেই।


সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন প্রায় ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রল সংরক্ষিত আছে।


এদিকে অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। সারাদেশে পরিচালিত ৭ হাজারের বেশি অভিযানে প্রায় ৪ লাখ ৬৯ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। কর্মকর্তারা মনে করছেন,

অপ্রয়োজনীয় মজুত ও অতিরিক্ত কেনার প্রবণতা কমাতে পারলে পরিস্থিতি আরও স্থিতিশীল থাকবে।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বলা হয়, বৈশ্বিক সংঘাতের প্রভাব দীর্ঘমেয়াদে অর্থনীতিতে পড়তে পারে। তবে জনগণের স্বার্থ বিবেচনায় এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।


এছাড়া ভবিষ্যতে অন্তত তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। একই সঙ্গে এলপিজির মূল্য নিয়ে ভোক্তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর