[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪ ৯:৪১ এএম

ফাইল  ছবি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী আজারবাইজান।

 প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশের বাজারে বিনিয়োগে তার সরকার আগ্রহী এবং উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে।

এ লক্ষ্যে ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়ে কাজ চলছে। বৃহস্পতিবার, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট আলিয়েভ এসব কথা জানান।

আজারবাইজানের প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী বছরের শুরুতে বাংলাদেশে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা উভয় দেশের সম্পর্ক গভীর করার নতুন সুযোগের সন্ধান করবে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, জুলাই-আগস্ট মাসের ছাত্রনেতৃত্বাধীন বিপ্লবের ঘটনা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং এতে প্রশংসা করেছেন। এছাড়া, অধ্যাপক ইউনূসের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে আজারবাইজানে একটি যুব স্বনির্ভর কর্মসূচি চালু করা হয়েছে। তিনি অধ্যাপক ইউনূসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উভয় দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য, জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, তেলসমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের আরও বেশি কর্মসংস্থানের সুযোগ থাকা উচিত, বিশেষ করে সাম্প্রতিক বছরে দেশের জাহাজ-নির্মাণ শিল্পে শত শত বাংলাদেশি কর্মসংস্থান পেয়ে আসছেন।

প্রেসিডেন্ট আলিয়েভ জানান, আজারবাইজান ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সফলভাবে লড়াই করেছে এবং বাংলাদেশের সঙ্গে তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক উপস্থিত ছিলেন।

 

এসআর

সম্পর্কিত খবর