দেশের চার জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার।
একই সঙ্গে তাদের পরবর্তী পদায়ন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব ডিসিকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন—পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর সুলতানা আক্তার।
নির্দেশনায় বলা হয়েছে, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে, গত ২৯ মার্চ সরকারের পক্ষ থেকে ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার (চুয়াডাঙ্গা), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাত (খুলনা), অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার (মাদারীপুর), সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদ (ব্রাহ্মণবাড়িয়া), জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমান (চাঁদপুর), মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জিএম সরফরাজ (হবিগঞ্জ), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া (নরসিংদী), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায় (মেহেরপুর), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহাম্মদ রাশেদুল হক প্রধান (লালমনিরহাট) এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌস (বান্দরবান)।
সরকারি এ সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনে নতুন করে রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসআর