মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি গুরুত্বপূর্ণ ফ্লাইট বাতিল
করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত একটি অ্যারাইভাল এবং দুবাইগামী একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও স্থগিত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথের অস্থিরতা সত্ত্বে এদিন কিছু এয়ারলাইনসের কার্যক্রম সচল ছিল, যার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি অ্যারাইভাল এবং চারটি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে। তবে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের ক্ষেত্রে স্থবিরতা এখনো কাটেনি।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের আকাশপথে তৈরি হওয়া অস্থিরতা বর্তমানে বিমান চলাচলে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এসআর
মন্তব্য করুন: