দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা জানান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, কৃষি খাতে জ্বালানির সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের কাছে ডিজেল পৌঁছে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ভারত থেকে ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে তেল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। হরমুজ প্রণালি ব্যবহার করে তেল পরিবহনের বিষয়েও আলোচনা চলছে, যদিও কিছু জাহাজের পতাকা সংক্রান্ত জটিলতা থাকতে পারে।
রাশিয়া থেকে প্রায় ৬ লাখ টন ডিজেল দুই মাসের জন্য আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়ার প্রয়োজন হয়েছে।
বর্তমান মজুতের তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে এখন প্রায় ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল রয়েছে। এছাড়া মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে আরও ৫৪ হাজার ৬০০ টন তেল আসার কথা রয়েছে। এপ্রিল মাসে মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে অতিরিক্ত ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি আসবে।
সরকারি এই কর্মকর্তা বলেন, আপাতত সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে সরবরাহ ব্যবস্থায় কোনো চাপ না পড়ে।
এসআর
মন্তব্য করুন: